বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর ) সন্ধ্যায় মাগুরা জেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা কালচারাল অফিসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। তিনি বলেন, “লালন সাঁই ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী দার্শনিক। তিনি মানুষকে ধর্ম, বর্ণ ও লিঙ্গের বিভাজন ভুলে মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছেন। তাঁর গান ও দর্শন আজও সমাজে সহনশীলতা, ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে।”
জেলা প্রশাসক আরও বলেন, “লালন সাঁই শুধু একজন সাধক নন, তিনি বাংলা সংস্কৃতি ও মানবতার চিরন্তন প্রতীক। তাঁর গান ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।”
আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর লালনগীতি পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।