ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিচালনার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) জন্য নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ (ট্রেইনিং অফ ট্রেইনার্স – টিওটি) বুধবার (২২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, প্রশিক্ষণ কার্যক্রম বুধবার সকাল সাড়ে ৯টায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হবে। এ তথ্য আজ মঙ্গলবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে জানান।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
টিওটি প্রশিক্ষণের মাধ্যমে ইউএনওদের নির্বাচন প্রক্রিয়া, ভোট গণনা, নিরাপত্তা ব্যবস্থা, জনসচেতনতা ও আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে তারা অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ প্রশিক্ষণ কার্যক্রম নির্বাচনের সুষ্ঠুতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।