সামাজিক ও সাংস্কৃতিক ফ্যাসিবাদ মোকাবেলায় সংলাপের বিকল্প নেই: মাহফুজ আলম

 

সুফি ঐতিহ্য, সংস্কৃতি ও ভাবাদর্শ নিয়ে কাজ করা সংগঠন ‘মাকাম’ আয়োজিত জাতীয় সংলাপ “মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা”–তে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “মাজারসহ যত মতাদর্শের মানুষ বাংলাদেশে রয়েছে, তাদের মধ্যে যদি সংলাপের সুযোগ না থাকে, তাহলে তা রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না।”

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক ফ্যাসিবাদ বিদায় নিলেও সামাজিক ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে। আমাদের এখন সামাজিক ও সাংস্কৃতিক ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে।”

মাহফুজ আলম আরও বলেন, “বাংলাদেশে ইসলামের নামে যারা রাজনীতি করেন, তারা হাজার বছরের ইসলামী ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল নন। এ কারণে সামাজিক ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের সঙ্গে কিছু রাজনৈতিক দলের সংশ্লেষও তৈরি হয়েছে। রাষ্ট্রীয় ও রাজনৈতিক আলোচনায় ধর্মকে বাদ দেয়ার যে প্রকল্প চলছে, সেটিকে মোকাবেলা না করলে এই সংকট দ্রুত কাটবে না।”

তিনি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মাজার ও দরবারে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই সহিংসতার পাল্টা প্রতিক্রিয়া হলে তা রাষ্ট্রের স্থিতিশীলতাকে বিপন্ন করবে। তাই যে কোনো মূল্যে এই সহিংসতা বন্ধ করতে হবে। সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে, সংলাপের মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব।”

তথ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যে মাজার ও দরবার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। দেশের ইতিহাস সংরক্ষণের স্বার্থেই মাজার ও দরবারের ওপর হামলা বন্ধ করতে হবে।”

তিনি সুফি সমাজের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আগামী জাতীয় নির্বাচনে সব দলের ইশতেহারে সুফি সমাজের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার দাবি তোলা উচিত।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *