কাজাখস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত ২য় ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিসএবিলিটিজে বাংলাদেশ পিপল উইথ ডিসএবিলিটিজ দলের খেলোয়াড় মো. আলী নেওয়াজ সরকার বোর্ড পুরস্কারে রৌপ্য পদক অর্জন করেছেন।
তিনি অতিরিক্ত খেলোয়াড় হিসেবে চতুর্থ বোর্ডে খেলেন এবং ৬ খেলায় ৪ পয়েন্ট অর্জন করে রৌপ্য পদক পান। একই বোর্ডে কাজাখস্তানের কামবারোভা আইগানিম স্বর্ণ পদক জিতেছেন।
৬ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৩৪টি দল অংশ নেয়। বাংলাদেশ দল ৬ খেলায় ৪ ম্যাচ পয়েন্ট নিয়ে ২৮তম স্থান অর্জন করেছে।
শনিবার অনুষ্ঠিত ষষ্ঠ ও শেষ রাউন্ডে বাংলাদেশ দল জাম্বিয়ার কাছে ১–৩ গেম পয়েন্টে পরাজিত হয়। ওই ম্যাচে বাংলাদেশের পক্ষে একমাত্র জয় আসে মো. আলী নেওয়াজ সরকারের হাত ধরে, তিনি জাম্বিয়ার কাদিলামওয়ান্দু তামবুজাইকে পরাজিত করেন।
বাংলাদেশ দলের অন্য খেলোয়াড় নুরনাহার তনিমা, মোহাম্মদ ওবায়দুল ইসলাম এবং সৈয়দ এজাজ হোসেন যথাক্রমে জাম্বিয়ার চোনগো রডরিক, মুনথালি আদরিয়ান ও বেনদা অ্যারনের কাছে হেরে যান।
ছয় খেলায় ১১ পয়েন্ট নিয়ে ফিদে–১ (রাশিয়া) অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ১০ পয়েন্ট নিয়ে পোল্যান্ড রানার্সআপ এবং ৯ পয়েন্ট নিয়ে ইসরায়েল তৃতীয় স্থান অর্জন করে। এশিয়ার মধ্যে ফিলিপাইন পঞ্চম (৯ পয়েন্ট) ও ভারত ১২তম (৭ পয়েন্ট) হয়।
বাংলাদেশ দলের সদস্যরা ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম, নুরনাহার তনিমা, মোহাম্মদ ওবায়দুল ইসলাম, সৈয়দ এজাজ হোসেন ও মো. আলী নেওয়াজ সরকার। দলের হেড অব ডেলিগেশন হিসেবে দায়িত্ব পালন করেন দাবা ফেডারেশনের এডহক কমিটির সদস্য মো. আরিফুজ্জামান আরিফ।
আয়োজক দেশ কাজাখস্তান বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিমান টিকিট, থাকা ও খাওয়ার পুরো ব্যবস্থার দায়িত্ব নেয়।