রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সোমবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা, যা সম্পূর্ণভাবে সরকারের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হবে।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশন জানিয়েছে, অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৮টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে ২টি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
- পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প: ‘মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ এবং ‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’।
- কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প: ‘কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকার ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন (৩য় সংশোধন)’।
- শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প: ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন’ এবং ‘চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত)’।
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প: ‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) (১ম সংশোধিত)’।
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প:
১. সমাপ্ত ৪র্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য সেবার অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন।
২. স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন।
৩. PFD, HEF, IFM, HRD এবং SWPMM-এর অত্যাবশ্যকীয় অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন। - প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প: ‘ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় বি-টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ’।
- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রকল্প: ‘নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বৃদ্ধি’।
- শিল্প মন্ত্রণালয়ের একটি প্রকল্প: ‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (৩য় সংশোধিত)’।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্ট উপদেষ্টারা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা কমিশন জানিয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।