মধুপুরের পীরের দাবি অসত্য ও বিদ্বেষপূর্ণ: ধর্ম উপদেষ্টা

 

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মধুপুরের পীর তার সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য, কল্পিত ও বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে করা। শুক্রবার (১৪ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ওমরাহর নামে ধর্ম উপদেষ্টা পালিয়ে গেছে—মধুপুরের পীরের এমন দাবি ভিত্তিহীন। তিনি প্রশ্ন তোলেন, “আমাকে কেন পালাতে হবে? আমি কী চোর? নাকি আমি তাঁর অধীনে চাকরি করি?”

ধর্ম উপদেষ্টা জানান, তিনি সৌদি সরকারের আমন্ত্রণে হজচুক্তি, হজ সেমিনার, হজ প্রদর্শনী, হাজীদের কোটা নির্ধারণ, পরিবহন কোম্পানি এবং হাজীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি—এসব সরকারি দায়িত্ব পালনের জন্য জেদ্দায় অবস্থান করছেন। একই কারণে পৃথিবীর প্রায় ১৫০টি দেশের উপদেষ্টা ও মন্ত্রীরাও সৌদি আরবে গেছেন বলে জানান তিনি। এছাড়া ইসলাম ও দাওয়াহ বিষয়ক একজন মন্ত্রীর সঙ্গে তার মন্ত্রণালয়ের টিম নিয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠকও নির্ধারিত আছে।

পোস্টের শেষ অংশে তিনি বলেন, যারা জাতিকে নেতৃত্ব দিতে চান, তাঁদের উচিত সংযম বজায় রাখা এবং নিজের সীমার মধ্যে থাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *