ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৫০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লালন মণ্ডল (৪৫) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত রেফাজুল ইসলাম রায়টা নতুনপাড়া এলাকার মৃত জামাত মণ্ডলের ছেলে। আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।

স্থানীয়রা জানান, রেফাজুল ইসলাম ও লালন মণ্ডল রাতের দিকে স্থানীয় একটি দোকানে কেনাকাটা করছিলেন। এমন সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের কাছে এসে খুব কাছ থেকে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম মারা যান। লালন মণ্ডল গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে আহত লালনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। দোষীদের শনাক্ত ও ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *