ঢাকা, ২২ নভেম্বর ২০২৫: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশ ও ভুটান দুইটি সমঝোতা স্মারক সই করেছে। একটি স্বাস্থ্যসেবায় সহযোগিতা নিয়ে, আরেকটি ইন্টারনেট সংযোগ নিয়ে।
স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রথম সমঝোতা স্মারকটি সই হয় বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং ভুটান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে। বাংলাদেশের পক্ষে নথিতে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান।
দ্বিতীয় স্মারকটি ছিল আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা বিনিময় নিয়ে। এতে বাংলাদেশের পক্ষে সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং ভুটানের প্রধানমন্ত্রী তোবগে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
এর আগে দুই নেতার মধ্যে একান্ত আলাপ হয়। পরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক বসে।
সকালে প্রধান উপদেষ্টা ইউনুসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় আসেন। ড্রুকএয়ারের ফ্লাইট থেকে নামার পর সকাল ৮টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা।
ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত সময় কথা বলেন। তোবগে আগের দিনের ভূমিকম্পে ক্ষতি ও প্রাণহানির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরে তোবগেকে আনুষ্ঠানিক স্যালুট মঞ্চে নিয়ে যাওয়া হয়। তাকে গার্ড অব অনার ও ১৯টি তোপধ্বনির সালাম দেওয়া হয়।
বিমানবন্দর অনুষ্ঠান শেষে তোবগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।