এবি স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে কথা বলেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ভালো মানুষকে নির্বাচিত না করলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি আরও বেড়ে যাবে। এর দায় সাধারণ মানুষেরও রয়েছে—“আমারও, আপনারও,” মন্তব্য করেন তিনি।
দুর্নীতিবাজ, সন্ত্রাসে জড়িত বা সংঘাতে লিপ্ত ব্যক্তিকে ভোট দিলে দেশের উন্নয়ন থেমে যাবে বলে সতর্ক করেন মঞ্জু। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোট চাইতে এলে প্রার্থীদের আগের কাজের হিসাব চাইতে হবে। “তারা কেন উন্নয়ন, অধিকার বা জবাবদিহিতার কথা বলে না—এ প্রশ্ন করলেই পরিবর্তনের পথ তৈরি হবে,” বলেন তিনি।
জাতি হিসেবে আমরা বারবার নিজেদের বিরুদ্ধেই লড়েছি, কিন্তু ঐক্য ও অধিকার আদায়ের রাজনীতি থেকে দূরে সরে গেছি বলে মন্তব্য করেন এবি পার্টি চেয়ারম্যান। তার মতে, এবি পার্টি অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়তে চায়।
দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উন্নত বিশ্ব যখন জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশে এখনো খাবারের নিরাপত্তা, চিকিৎসা, শীতের প্রকোপে মৃত্যু এবং ভূমিকম্পে টিকে থাকার মতো মৌলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে হয়। এটা জাতি হিসেবে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে—এবি পার্টির রাজনীতি সেই প্রশ্নের রাজনীতি।
অর্থনৈতিক সংকট কমলে অপরাধ প্রবণতাও কমে আসবে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রকে বদলাতে পারলে জনগণের দুঃখ-কষ্ট ও মৌলিক চাহিদা রাষ্ট্রই পূরণ করবে।
সমাবেশে বক্তারা বলেন, আগামীর রাজনীতি হবে জবাবদিহিতা, অধিকার এবং কল্যাণ রাষ্ট্র গড়ার রাজনীতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান এবং এবি স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, এনামুল হক, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজসহ এবি স্বেচ্ছাসেবক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা।