জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করুন : স্বাস্থ্য অধিদপ্তর

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। একদিনেই নয়জনের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর সকল নাগরিককে জ্বর দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু পরীক্ষা করার আহ্বান জানিয়েছে।

রবিবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান বলেন, “সকল জ্বরের রোগীকে জ্বর হওয়ার সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানো এবং ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।”

তিনি জানান, সম্প্রতি একদিনে ডেঙ্গু রোগে ৯ জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। পর্যালোচনায় দেখা গেছে, মৃতদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি হওয়ার দিনই মারা গেছেন। মূলত হাসপাতালে আসতে দেরি করার কারণেই ডেঙ্গু জটিল আকার ধারণ করে এবং তাদের চিকিৎসার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। বাকি দুজনের একজনও ভর্তি হওয়ার পরদিন মৃত্যুবরণ করেছেন।

ডা. আহসান বলেন, “দেরিতে চিকিৎসকের কাছে গেলে ডেঙ্গু রোগীদের অবস্থা গুরুতর হয়ে পড়ে, ফলে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যায়।”

তিনি আরও জানান, ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সতর্ক ও প্রস্তুত রয়েছে। “দেশের সব হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট, স্যালাইন ও ওষুধ মজুত আছে,” বলেন তিনি।

তবে মৃত্যুহার কমাতে হলে দ্রুত শনাক্তকরণ, গাইডলাইন অনুযায়ী চিকিৎসা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম একসাথে কার্যকর করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জনগণসহ সংশ্লিষ্ট সব মহলকে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *