শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি পরিদর্শনে চীনের হোংহ্য ইউনিভার্সিটির প্রতিনিধি দল

 

বাংলাদেশের প্রথম ডিজাইনভিত্তিক ও সাংস্কৃতিক–সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি পরিদর্শন করেছেন চীনের হোংহ্য ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ছেন চি ইয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

শনিবার (১৩ই ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইন্টার-ডিপার্টমেন্টাল একাডেমিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, ক্রেডিট ট্রান্সফারসহ সম্ভাব্য বিভিন্ন সহযোগিতার দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা, কনফুসিয়াস ইন্সটিটিউট ক্লাসরুমের শিক্ষক–শিক্ষার্থী এবং চীনা শিক্ষার্থী প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

পরিদর্শনকালে চীনা প্রতিনিধি দল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আধুনিক ল্যাবরেটরি এবং লাইব্রেরি ঘুরে দেখেন। তারা বাংলাদেশের একটি বিশেষায়িত ও কর্মমুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অর্জন, শিক্ষার মান এবং সৃজনশীল শিক্ষাবান্ধব পরিবেশের প্রশংসা করেন।

এই সফরের মাধ্যমে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *