স্বচ্ছ নির্বাচনের স্বপ্ন, পাশে চাই গণমাধ্যমকে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, “আমরা আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই।” এ জন্য গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তিনি।

৬ অক্টোবর (সোমবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, “আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় অগ্রসর হতে চাই। আগামী নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী তা দেখুক। এজন্য আয়নার মতো পরিষ্কারভাবে নির্বাচনটা করতে চাই। সেক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। এজন্য আপনাদের পরামর্শ চাই। একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মিডিয়াকে আমরা পার্টনার হিসেবে পেতে চাই। কারণ মিস ইনফর্মেশন ও ডিসইনফর্মেশন প্রতিরোধে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”

সভায় নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নেন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই সংলাপ চলে দুপুর পর্যন্ত। বিকেলে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাদা বৈঠকে বসবে ইসি।

ইসি সূত্রে জানা যায়, ৭ অক্টোবর (মঙ্গলবার) নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপ করবে কমিশন। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন বিশেষজ্ঞ এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, প্রিন্ট মিডিয়ার ১৫ জন সাংবাদিক দুপুরের সংলাপে অংশগ্রহণের সম্মতি দিয়েছেন।

একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ শুরু করেছে। গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই সংলাপে সুশীল সমাজ, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন।

তারা বলেন, সুষ্ঠু গণতন্ত্রের জন্য কার্যকর গণমাধ্যম অপরিহার্য। নির্বাচনের প্রস্তুতি, ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ—সবক্ষেত্রেই গণমাধ্যমের সঠিক ভূমিকা নিশ্চিত করতে হবে যাতে কোনো ভুল তথ্য বা ভ্রান্ত ধারণা তৈরি না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *