কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ফেরদৌস (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস পেশায় কৃষক ছিলেন। তিনি থানা মোড় দফাদার পাড়ার আজিম উদ্দীন দফাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সন্ধ্যা ৬টার দিকে ফেরদৌস রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলরুবা খাতুন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ফেরদৌস মারা যান। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বলে চিকিৎসকদের প্রাথমিক ধারণা।
ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে মোটরসাইকেলসহ চালককে আহত অবস্থায় ধরেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও আহত চালককে উদ্ধার করে। আহত চালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেলটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।