রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের জন্য আর রাজনীতি করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ হয়েছে। এখন তাদের মার্কা ও নিবন্ধন আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে।”
সোমবার (৬ অক্টোবর) রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, “অভ্যুত্থান পরবর্তী দেশে কেউ যদি পুনরায় প্রাসঙ্গিকতা ফেরানোর চেষ্টা করে, আমরা ধরে নেব সে তখন অভ্যুত্থানের সময়ের বিরোধী অবস্থান ছিল।”
সারজিস আলম আরও জানান, এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই। তিনি অভিযোগ করেন, “নির্বাচন কমিশন যদি কারো চাপের কারণে আমাদের শাপলা প্রতীক না দেয়, তাহলে আমরা মনে করব তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের চরিত্র হারিয়েছে।” তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, শাপলা প্রতীক নিয়ে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে।
নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “নীতিমালা সংশোধন করে আমাদের শাপলা প্রতীক দেওয়া এড়িয়ে গেলে তা হবে লজ্জার বিষয়। আমরা দৃশ্যমান বিচার চাই। গুরুত্বপূর্ণ কিছু মামলার ৫০–১০০ আসামি যারা খুনের সঙ্গে সরাসরি জড়িত, তাদের রায় কার্যকর দেখতে চাই।”
এ সময় এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।