ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর সমর্থকদের সঙ্গে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটতে দেখা দেয়।
স্থানীয়রা জানান, বিকেলে কাচিনা ইউনিয়নে প্রচারণায় গেলে মোর্শেদ আলমের সমর্থকদের সঙ্গে বাচ্চুর সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকায় মোর্শেদ আলমের সমর্থকরা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে জেলা যুবদল নেতা মিল্টনসহ বাচ্চুর অন্তত পাঁচজন সমর্থক আহত হন বলে জানা গেছে।
এ ঘটনার জেরে বাচ্চুর সমর্থকরা পাল্টা হামলা চালায়। তারা নতুন বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের ব্যক্তিগত কার্যালয় এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান শাকিলের কার্যালয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। রাত পৌনে ৯টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলতে থাকে বলে স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত পরে জানা যাবে বলে জানান তিনি।
স্থানীয়দের মতে, পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত না হলেও রাতের দিকে উত্তেজনা কিছুটা কমে আসে। নির্বাচন ঘনিয়ে আসায় এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলেও তারা মনে করছেন।