আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা কোনো অন্যায় করেননি, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপি তাদের আগলে রাখবে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানি বাজার এলাকায় এক পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
পথসভায় তিনি বলেন, “এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে। শেখ হাসিনা ভারতবর্ষে চলে গেছেন। মাঝখানে যারা তার সমর্থক ছিলেন, তাদের বিপদের মধ্যে ফেলে রেখে গেছেন। আমরা সেই বিপদে পড়া মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি।”
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “হিন্দু ভাই-বোনদের আমরা পরিষ্কারভাবে বলতে চাই—আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা সাধারণ মানুষ, যারা কোনো অন্যায় করেনি, তাদের আমরা বুকের মধ্যে রেখে আগলে রাখবো।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আর মাত্র ১৫ দিন পর নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, গত ১৫ বছর ধরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। ভোটগুলো ফ্যাসিস্ট সরকার, তাদের লোকজন এবং প্রশাসনের মাধ্যমে নিয়ে গেছে। তবে এবার একটি সঠিক ও গ্রহণযোগ্য ভোট হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, “এবার যার ভোট, সে ভোট দিতে পারবে। যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।”
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ পুরোপুরি স্বস্তিতে নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে বলে তার মনে হয়েছে। তিনি বলেন, “সব মিলিয়ে এমন একটা সময় এসেছে, যখন রাতে আমরা কিছুটা শান্তিতে ঘুমাতে পারছি।”
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সঠিকভাবে হলে জনগণ নিজেদের সরকার গঠন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তার মতে, জনগণের সরকার গঠিত হলে দেশ ও মানুষ ভালো থাকবে।
পথসভায় ধানের শীষে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, এটি তার শেষ নির্বাচন। তিনি বলেন, “আপনারা আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দিলে আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ পাবো।”
পথসভায় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।