বিদেশি বিনিয়োগ বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এফডিআই বা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের প্রধান উৎস দেশগুলোতে সরাসরি ও ধারাবাহিক বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম চালাবে সংস্থাটি।
এই উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন ও দক্ষিণ কোরিয়ায় বিডার প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। এসব প্রতিনিধি সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরবেন। পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দেবেন।
বিডা সূত্র জানায়, এ সিদ্ধান্তটি এ সপ্তাহে অনুষ্ঠিত বিডার গভর্নিং বোর্ড সভায় অনুমোদন পেয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। অনুমোদনের মধ্য দিয়ে বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর করার পথ খুলে গেল।
বিডার কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগের ফলে এফডিআইয়ের অগ্রাধিকারভিত্তিক বাজারগুলোতে বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সহজ হবে। সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পগুলো দ্রুত চিহ্নিত করা যাবে এবং সেগুলোর বিষয়ে ফলো-আপও হবে দ্রুত ও কার্যকরভাবে। এতে বাস্তবসম্মত বিনিয়োগ সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রাথমিক ধাপ সফল হলে ভবিষ্যতে অন্যান্য সম্ভাবনাময় দেশেও এই কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে বিডা। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগের মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ বাড়বে এবং শিল্পায়ন ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।