নির্বাচনে জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণ শুরু হবে: রাজশাহীতে তারেক রহমান

ধানের শীষ প্রতীকে নির্বাচনে জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণের কাজ শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল আড়াইটার পর রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, রাজশাহীর উন্নয়নে বিএনপি সরকার বিশেষ গুরুত্ব দেবে। পদ্মা ব্যারাজ নির্মাণের পাশাপাশি রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, এই অঞ্চলকে স্বাস্থ্য ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেকার সমস্যা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের জয়যাত্রা’ শুরু হবে।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটলে সেগুলোর সুষ্ঠু তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান।

এর আগে দুপুর ২টার দিকে তিনি মঞ্চে উঠলে নেতাকর্মী ও সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তিনি দুপুর ১২টায় আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। পরে সুফি সাধক শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেন।

রাজশাহীর এই জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে এই তিন জেলার বিএনপি মনোনীত মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, সকালে থেকেই রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। পুরো নগরী স্লোগানে মুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। সমাবেশের মঞ্চ প্রস্তুতি ও শব্দব্যবস্থার কাজ আগেই শেষ করা হয়। শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

রাজশাহীর সমাবেশ শেষ করে সড়ক পথে বগুড়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। পথে বিকেলে নওগাঁর এটিম মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। সেখানে নওগাঁ ও জয়পুরহাট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

এরপর সন্ধ্যায় নিজের নির্বাচনি এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। রাতে বগুড়ায় অবস্থান শেষে শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। পরে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন। দলীয় সূত্র জানায়, শুক্রবার রাতেও বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান। শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *