বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোঃ আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার দৌলতপুর উপজেলায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য, ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার হাত ধরে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় প্রতীকীভাবে দুধ দিয়ে গোসলের মাধ্যমে তার দলত্যাগ ও বিএনপিতে যোগদানের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে দল আরও শক্তিশালী হবে।
নবনিযুক্ত বিএনপি নেতা মোঃ আসাদুল হক বলেন, দেশ ও জনগণের স্বার্থে কাজ করার লক্ষ্যেই তিনি বিএনপির নেতৃত্বে যুক্ত হয়েছেন। তিনি দাবি করেন, বিএনপিই পারে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধার করতে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ফুল দিয়ে নতুন সদস্যকে বরণ করে নেন এবং তার রাজনৈতিক পথচলায় শুভকামনা জানান।