ভোটের তিন দিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর খুব অল্প সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, ভোটগ্রহণের তিন দিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী শপথ নিতে পারেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর সংসদ সদস্যরা যদি দ্রুত শপথ গ্রহণ করেন, তাহলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হবে।

শফিকুল আলমের মতে, সবকিছু স্বাভাবিকভাবে এগোলে আগামী ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী শপথ নিতে পারেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের জন্য সবচেয়ে দ্রুততম সময়ে প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের সময়সূচি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। নির্বাচন-পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া দ্রুত ও স্বাভাবিক গতিতেই সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সরকারের এই বক্তব্য থেকে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই নতুন সরকারের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *