বাংলাদেশে নারীর নেতৃত্ব জোরদারে ২২ সংগঠনের সঙ্গে কানাডার চুক্তি

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও সমতা প্রতিষ্ঠায় নতুন মাইলফলক স্থাপন করল কানাডার উদ্যোগ RWVL–Bangladesh। দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে দেশের ২২টি নারী অধিকার সংগঠনের (WROs) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে সংস্থাটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকায় অনুষ্ঠিত হয় । এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে কানাডার হাইকমিশনার এইচ.ই. আজিত সিং। তিনি বলেন, নারীর নেতৃত্ব একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, এই সংগঠনগুলো যে পরিবর্তনের কাজ করছে, কানাডা তাতে পাশে থাকতে পেরে গর্বিত।

RWVL–Bangladesh হলো কানাডা সরকারের নারীর ক্ষমতায়নভিত্তিক একটি প্রধান কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারীর নেতৃত্ব গড়ে তোলা, লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার জোরদারে কাজ করা হবে।

এই উদ্যোগে বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন । সংস্থাটি দেশের বিভিন্ন অঞ্চলে নারীর অধিকার, সহিংসতা প্রতিরোধ, নেতৃত্ব উন্নয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ বাড়াতে দীর্ঘদিন ধরে কাজ করছে।

২২টি নারী অধিকার সংগঠনের সঙ্গে এই দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি, নেটওয়ার্ক শক্তিশালী করা এবং টেকসই নেতৃত্ব গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে।

আয়োজকরা জানান, এই উদ্যোগ বাংলাদেশ ও কানাডার মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও গভীর করবে এবং দুই দেশের জন্যই একটি ইতিবাচক ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।

নারীর নেতৃত্বকে কেন্দ্রে রেখে এমন আন্তর্জাতিক সহযোগিতা দেশে সমতা ও উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *