‘জুলাই সনদ’ কার্যকরের কথা বললেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘জুলাই সনদ’ কার্যকরের প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে, ফলে ‘হ্যাঁ’ ভোট স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং পার্লামেন্টে এ–সংক্রান্ত বিল উত্থাপন করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ্যানি বলেন, “সংসদ নির্বাচন হয়েছে। সংসদ সদস্যদের শপথ হয়েছে। আমরা শপথ নিয়েছি। হ্যাঁ-না ভোট হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। ‘হ্যাঁ’-এর শপথের কোন প্রয়োজন নাই। ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ।”

তিনি আরও বলেন, যেখানে ‘না’ ভোট পড়েছে, সেখানে সেই ফলাফলের ভিত্তিতে বিষয়টি সংসদে তোলা হবে এবং আলোচনা হবে। আর যেখানে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে, সেটিও নির্ধারিত প্রক্রিয়ায় বিবেচিত হবে। এ বিষয়ে আইনবিদরা ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক প্রতিবাদ ও বিক্ষোভ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে।” তিনি সবাইকে দায়-দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। তার ভাষায়, সরকার ও দেশকে সহযোগিতা করাই এখন প্রধান দায়িত্ব। কেউ এর বাইরে কিছু করলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্টদের ওপরই বর্তাবে।

রাজনৈতিক ভিন্নমত নিয়ে তিনি বলেন, সব ইস্যুতে বিরোধিতার অবস্থান থেকে সরে এসে দেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন। মত ও পথ ভিন্ন হতে পারে, তবে দেশ গঠনের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *