ওয়ান চায়না নীতিতে অটল থাকার বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে দুই দেশের সম্পর্ক, পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। এসময় তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন ।

রাষ্ট্রদূত বলেন, চীন-বাংলাদেশের ঐতিহ্যগত বন্ধুত্ব আরও এগিয়ে নিতে বেইজিং আগ্রহী। রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা গভীর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, চীন বাংলাদেশের নতুন সরকারকে সমর্থন দেবে এবং জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে। বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায়ও চীন বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রদূতের শুভেচ্ছা ও বার্তার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ ‘ওয়ান চায়না’ নীতিতে অটল থাকবে এবং চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব বজায় রাখবে। দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ও চীনের সম্পর্ক ইতোমধ্যে অবকাঠামো, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতায় গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সর্বশেষ বৈঠককে বিশ্লেষকরা দেখছেন—নতুন সরকারের সঙ্গে বেইজিংয়ের দ্রুত কূটনৈতিক সংযোগ স্থাপনের অংশ হিসেবে। এর মাধ্যমে দুই দেশের ‘সমগ্র কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *