বাংলাদেশে অবকাঠামো ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত এবং বন্দর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। ঢাকায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম–এর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

রবিবার (৮ই মার্চ) ঢাকায় মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে গঠিত বর্তমান সরকারের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ড–এর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে সুইজারল্যান্ড আগ্রহী।

রাষ্ট্রদূত বিশেষভাবে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত, বন্দর ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে এসব খাতে সহযোগিতা অব্যাহত রাখতে সুইজারল্যান্ড আগ্রহী এবং প্রয়োজনীয় সহায়তা দিতেও প্রস্তুত।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, উন্নয়ন ও অবকাঠামো খাতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, বন্দর ব্যবস্থাপনা এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সুইজারল্যান্ডের মতো বন্ধুপ্রতিম দেশের সঙ্গে যৌথভাবে কাজ করলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরও গতিশীল হবে।

বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *