নওগাঁ বাইপাসে ডাকাতির চেষ্টা, ৯৯৯-এ ফোনে রক্ষা পেল গরুভর্তি ট্রাক

নওগাঁর বাইপাস সড়কে গভীর রাতে গরুভর্তি একটি ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করে একদল দুর্বৃত্ত। তবে ট্রাকচালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার ফলে বড় ধরনের ডাকাতি থেকে রক্ষা পায় ট্রাকটি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রোববার (১৫ মার্চ ) ভোররাত পৌনে ৩টার দিকে ট্রাকচালক হারুন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান।

হারুন জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩২টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে নওগাঁ বাইপাস রেলগেট এলাকায় একটি মিনিট্রাকে করে কয়েকজন ব্যক্তি এসে তার ট্রাককে ওভারটেক করে থামতে ইশারা দিতে থাকে। কিন্তু পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তিনি ট্রাক না থামিয়ে সামনে এগিয়ে যেতে থাকেন।

কিছু দূর যাওয়ার পর মিনিট্রাকটি আবার তাকে ওভারটেক করে অনেকটা সামনে গিয়ে রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ে। বাধ্য হয়ে হারুন রাস্তার পাশে ট্রাক থামান। পরে তিনি দ্রুত কেবিনের দরজা লক করে নেমে কিছু দূরে গিয়ে লুকিয়ে থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন।

কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল রাসেল মিয়া। এরপর বিষয়টি দ্রুত বগুড়া জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই ইমদাদুল হক।

৯৯৯ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার আদমদিঘী থানার একটি টহলদল দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। ট্রাকচালকের দেওয়া বর্ণনা অনুযায়ী তারা আদমদিঘী শান্তাহার পৌরসভার কমলদোগাছি গ্রামের বাইপাস সড়কে পৌঁছে যায়।

পুলিশের টহল গাড়ি দূর থেকে দেখতে পেয়ে ডাকাতদল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকচালক হারুনকে নিরাপদে উদ্ধার করে এবং গরুভর্তি ট্রাকটি তার কাছে বুঝিয়ে দেয়।

আদমদিঘী থানার টহলদলের নেতৃত্বে থাকা এসআই আব্দুর রহমান পুরো বিষয়টি ৯৯৯-কে নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *