বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং অর্থনীতির বিভিন্ন খাতে এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও মেটা। বৈঠকে ব্যবসার উৎপাদনশীলতা বৃদ্ধি, সরকারি কাজের দক্ষতা উন্নয়ন এবং অর্থনীতির রূপান্তরে এআই-এর সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
আলোচনায় বলা হয়, সঠিক নীতিপরিবেশ তৈরি করা গেলে এআই প্রযুক্তি ব্যবসা ও প্রশাসনে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে দায়িত্বশীল উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং বড় পরিসরে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মেটা জানিয়েছে, তাদের বিভিন্ন ডিজিটাল টুলস ও প্রযুক্তি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে সহায়তা করতে পারে। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নতুন প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাজারে প্রবেশও সহজ হবে।
বৈঠকে আরও বলা হয়, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা গুরুত্বপূর্ণ।
বিডা জানিয়েছে, বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিতে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা হবে। এই ধরনের অংশীদারিত্ব নতুন বিনিয়োগ, উদ্ভাবন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।