ঈদের আনন্দঘন দিনে নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার বন্ধু। শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকার মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বী মোল্যা (১৮) নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার বাসিন্দা। তিনি পান্নু মোল্যার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু রোমান, যাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে রাব্বী তার বন্ধু রোমান ও ভাগনে রেহানকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। দিনভর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর বিকেলে তারা নড়াইল শহরের দিকে ফিরছিলেন। পথে ধোন্দা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলেই রাব্বীর মৃত্যু হয়। গুরুতর আহত রোমানকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনায় পাঠানো হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঈদের দিনে এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, সড়কে অতিরিক্ত গতি ও অসতর্কতা এমন দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।