নড়াইলের কালিয়া উপজেলায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ আবারও সহিংস রূপ নিয়েছে। সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ২০ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেখ ও মোল্যা বংশের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বহুদিন ধরেই বিরোধ চলছিল। গত শনিবার ঈদের দিন মাংস ভাগাভাগি নিয়ে তর্ক-বিতর্কের পর সেই উত্তেজনা নতুন করে বাড়ে। এর জের ধরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের এক পর্যায়ে শটগানের গুলি ছোড়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে মোল্যা পক্ষের মাহাবুর মোল্যা, রমজান মোল্যা, মিন্টু মোল্যা, নাহিদ মোল্যা, টুটুল মোল্যা, শাহীদুল মোল্যা, রাজা মোল্যা, বাঁধন মোল্যা, তামিম মোল্যা, সুমন মোল্যা এবং শেখ পক্ষের আজানুর শেখসহ আরও অনেকে রয়েছেন।
আহতদের নড়াইল জেলা হাসপাতাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচি জানান, অন্তত ১৪ জন সেখানে চিকিৎসা নিয়েছেন এবং তাদের শরীরে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে সবাই এখন আশঙ্কামুক্ত।
কালিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. হাসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে, তবে উত্তেজনা পুরোপুরি কাটেনি বলে স্থানীয়দের আশঙ্কা।
উজ্জ্বল রায়
লোহাগড়া উপজেলা প্রতিনিধি, নড়াইল।