কুষ্টিয়ায় পৃথক অভিযানে প্রায় ৬ কোটি ২৬ লক্ষ ৮০ হাজার ৫৮৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ এলএসডি (খঝউ) এবং বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি জানায়, গত সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৮:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল (প্রতি বোতল ৫০ মিলি) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। জব্দকৃত এই উচ্চমূল্যের মাদকের আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৬ কোটি ২৪ লক্ষ টাকা।
এছাড়া মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে পৃথক দুটি অভিযানে দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকা থেকে বিজিবির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি জব্দ করে। অভিযানে আশ্রায়ন বিওপি এবং প্রাগপুর বিওপির চৌকস টহল দলের সদস্যরা অংশ নেন।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফরিদ আহমেদ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি