ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস -এর তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধি দলে ছিলেন জন জোসেফ লিস (যুক্তরাষ্ট্র), নানাদ মারিনকোভিচ (সার্বিয়া) এবং মারিয়া চৌধুরী (বাংলাদেশ)।
সাক্ষাৎকালে সংসদের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল সংসদের গবেষণামূলক প্রকল্প চালু, সংসদীয় সংস্কৃতি ও রীতিনীতি, ই-পার্লামেন্ট ব্যবস্থা চালু এবং প্রযুক্তি ব্যবহার। বিশেষ করে ইতালিয়ান সফটওয়্যার ব্যবহারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
এ ছাড়া লেজিসলেটিভ ও প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বাড়ানো নিয়েও কথা হয়। সংসদীয় কমিটির সংখ্যা, কার্যক্রম জোরদার এবং সংসদকে আরও জবাবদিহিমূলক করার বিষয়েও মতবিনিময় হয়।
প্রতিনিধিদল সংসদের ইতিহাস, ঐতিহ্য ও বাজেট বরাদ্দ সম্পর্কেও জানতে চায়। সরকারি হিসাব কমিটির ভূমিকা এবং বিরোধীদলের ওয়াকআউটের রাজনৈতিক সংস্কৃতি নিয়েও আলোচনা হয়।
ডেপুটি স্পিকার এসব বিষয়ে প্রতিনিধিদলের প্রশ্নের জবাব দেন। তিনি সংসদকে গণতন্ত্রের কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরেন। সংসদের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল ডেপুটি স্পিকারের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে। তারা ভবিষ্যতে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।