টাঙ্গাইল পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়াপাড়া এলাকায় চলাচলের রাস্তায় অবৈধভাবে টিউবওয়েল স্থাপন করে পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বয়স্ক নারীসহ একটি পরিবার চরম দুর্ভোগে পড়েছে এবং যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগকারী নাজমা বেগম জানান, তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। তার প্রতিবেশী ইউসুফ মিয়া তাদের চলাচলের রাস্তায় দুটি টিউবওয়েল স্থাপন করেন, যার ফলে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমি প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি। এমনকি এলাকার লোকজন নিয়ে একাধিকবার অনুরোধ করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি। বরং তিনি বিষয়টি উপেক্ষা করে গেছেন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার মাঝখানে স্থাপিত টিউবওয়েলের কারণে পথচারীদের চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
নাজমা বেগম আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি একজন বয়স্ক মানুষ। যে কোনো সময় পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জনস্বার্থ সংশ্লিষ্ট এই সমস্যার দ্রুত সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।