কালিয়ায় ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা মাত্র ৩৫ হাজার টাকা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেল ও সন্ধ্যায় উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযান দুটিতে মোট ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাউলী গ্রামের বাসিন্দা পিন্টু শেখ (৫৫)-এর কাছ থেকে ৯টি ব্যারেলে রাখা ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।

এর আগে একই দিন বিকেলে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালান। সেখানে যোগানিয়া গ্রামের খায়রুল শেখ (৪৫)-এর কাছ থেকে ২৮টি ব্যারেলে রাখা ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন জানিয়েছে, জব্দ করা ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে মেসার্স কালিয়া ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এ বিষয়ে ইউএনও মো. জিন্নাতুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি রোধে অভিযান চলমান থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

উজ্জ্বল রায়
লোহাগড়া উপজেলা প্রতিনিধি, নড়াইল ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *