কৃষিভিত্তিক শিল্পে ১২৫ কোটি টাকার ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন করে অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-এর সহায়তায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন।

এই ঋণ দেওয়া হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।

৩১শে মার্চ , মঙ্গলবার বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেড -এর প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। এতে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিআইএফএফএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিসুজ্জামান স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় BIFFL-এর “ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ” থেকে অর্থায়ন করা হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো খাদ্য ভ্যালু চেইন শক্তিশালী করা, খাদ্য নিরাপত্তা বাড়ানো এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন।

এই ঋণ সুবিধা পাবে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তারা। বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী উদ্যোক্তাদের।

অর্থায়নের আওতায় থাকবে ফল, শাকসবজি ও মসলা প্রক্রিয়াজাতকরণ, চাল ও ডাল প্রক্রিয়াজাতকরণ, ভোজ্য তেল উৎপাদন, বীজ প্রক্রিয়াজাতকরণ, জৈব সার ও বায়োপেস্টিসাইড উৎপাদন। এছাড়া হোলসেল, লজিস্টিকস ও খুচরা খাতও এই সুবিধার মধ্যে থাকবে।

শুধু উৎপাদন নয়, মূলধনী বিনিয়োগেও এই অর্থ ব্যবহার করা যাবে। যেমন—যন্ত্রপাতি কেনা, কারখানা স্থাপন বা উন্নয়ন, গুদাম নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরি।

এর পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও পরামর্শ সেবাও থাকবে। খাদ্য নিরাপত্তা মান উন্নয়নে ISO, HACCP ও হালাল সার্টিফিকেশন নিয়েও সহায়তা দেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। আমদানির ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে রপ্তানি বাড়বে এবং গ্রামীণ এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *