কুষ্টিয়ায় অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১লা এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার সেন্টার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ পদক্ষেপ নেয়।

প্রশাসন সূত্র জানায়, কিছু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছিলেন এবং চড়া দামে বিক্রি করছিলেন। এমন তথ্য পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ। তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।

অভিযান চলাকালে মজনু ও মিরাজ নামে দুই ব্যবসায়ীর দোকান ও বসতবাড়িতে তল্লাশি করা হয়। এ সময় মিরাজের দোকানে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার লঙ্ঘন ও অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে তাদের জরিমানা করা হয়।

ইউএনও অনিন্দ্য গুহ বলেন, “অতিরিক্ত দামে তেল বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই জরিমানা করা হয়েছে। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ক্ষতি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসন জানিয়েছে, বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

 

ফরিদ আহমেদ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *