বানারীপাড়ায় তরুণদের উদ্যোগে ৬ স্থায়ী ডাস্টবিন, পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

বরিশালের বানারীপাড়ায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্থানীয় তরুণদের এক উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। উত্তরপাড়া ইউনিটির উদ্যোগে পৌরসভার ১নং ওয়ার্ডে স্থাপন করা হয়েছে ৬টি স্থায়ী ডাস্টবিন। বুধবার (১লা এপ্রিল) এই কার্যক্রম শুরু হয়।

যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষাই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং এলাকাবাসীর সহযোগিতায় গুরুত্বপূর্ণ ছয়টি স্থানে ডাস্টবিনগুলো বসানো হয়। একই সঙ্গে নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থাও চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ কার্যক্রমের নেতৃত্ব দেন বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তাওহিদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তরপাড়া ইউনিটির সদস্যরা। তাদের সঙ্গে কাজ করেছেন রাব্বি সরদার, সজিব, শাহাদাত হোসাইন, মাহমুদুল হাসান, মেহেদী মাসুদ মাসুম ও নাইম মৃধাসহ আরও অনেকে।

স্থানীয় মসজিদের ইমাম মো. নাজমুল হাসান জুয়েল বলেন, জনস্বাস্থ্য রক্ষা এবং রোগজীবাণু থেকে মানুষকে সুরক্ষিত রাখতে এ ধরনের উদ্যোগ খুবই জরুরি। তিনি এটিকে ধর্মীয় দায়িত্বের অংশ হিসেবেও উল্লেখ করেন।

প্রাথমিকভাবে ১নং ওয়ার্ডের মহিষাপোতা এলাকার একটি অংশে এই কার্যক্রম শুরু হয়েছে। তবে ভবিষ্যতে এলাকাবাসীর সহযোগিতায় এটি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে উত্তরপাড়া ইউনিটি।

স্থানীয়দের আশা, এ উদ্যোগ শুধু পরিবেশ পরিচ্ছন্ন রাখবে না, বরং সচেতনতা বাড়িয়ে পুরো এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে।

 

সাব্বির হোসেন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *