কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে মালচিং পদ্ধতিতে সবজি চাষের একটি মাঠ প্রদর্শনী দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়।
“বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আলী আহমেদ এবং নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শহিদুল ইসলাম।
প্রদর্শনীতে অংশ নেওয়া কৃষক মোঃ আলেক হোসেন মন্ডল তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মালচিং পদ্ধতি ব্যবহারের ফলে তার ক্ষেতে আগাছা কমেছে, সেচের খরচ কমেছে এবং ফলন বেড়েছে। এতে তার লাভও বেশি হয়েছে।
প্রধান অতিথি ড. শওকত হোসেন ভূঁইয়া বলেন, চরাঞ্চলে টেকসই কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। মালচিং পদ্ধতি মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, আগাছা কমায় এবং ফলন বাড়ায়। কৃষকদের এই প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে কৃষি বিভাগ কাজ করছে।
সভাপতির বক্তব্যে রেহানা পারভীন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে কম পানি ও কম শ্রমে বেশি উৎপাদন নিশ্চিত করতে মালচিং একটি কার্যকর পদ্ধতি। মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে এই প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
মাঠ দিবসে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সরাসরি মালচিং পদ্ধতির ব্যবহার দেখে আগ্রহ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি দ্রুত কৃষকের কাছে পৌঁছাবে। এতে উৎপাদন বাড়বে, খরচ কমবে এবং কৃষকের আয়ও বাড়বে।
ফরিদ আহম্মেদ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি