কুমিল্লা আইনজীবী সমিতির ভোট ২রা এপ্রিল, মাঠে তিন প্যানেল

বৃহস্পতিবার (২রা এপ্রিল) অনুষ্ঠিত হবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত ৪৫ মিনিট বিরতি থাকবে।

সমিতি সূত্রে জানা গেছে, এবার মোট ১ হাজার ২৮৭ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা শেষ হলে শুক্রবার (৩রা এপ্রিল) ফলাফল ঘোষণা করা হবে।

এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল। বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ। সাধারণ সম্পাদক পদে আছেন অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার। এ প্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী অংশ নিয়েছেন।

অন্যদিকে, বিএনপির একাংশের জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ কুমিল্লা প্যানেল থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থী দেওয়া হয়েছে। এই প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)।

নিরপেক্ষ হিসেবে পরিচিত “ফারুক-জামান” পরিষদ প্যানেল থেকেও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এই প্যানেলের সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট মো. গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নেয়ামত উল্ল্যা চৌধুরী (জামান)।

এছাড়া লাইব্রেরি সেক্রেটারি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন ভোটারদের অংশগ্রহণের দিকেই নজর সবার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *