আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও’র ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শ্রম সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি আরবে বাংলাদেশি কর্মী নেওয়ার সংখ্যা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি বাংলাদেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি দেওয়ার জন্য সৌদি সরকারের প্রতি অনুরোধ করেন।
সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজ বৈঠকে বলেন, বাংলাদেশি শ্রমিকরা ইতোমধ্যে সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতেও আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে সৌদি আরব আগ্রহী বলে তিনি জানান।
বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সৌদি আরবের সঙ্গে যৌথ উদ্যোগ বাড়ানো প্রয়োজন। তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আধুনিকায়নে সৌদি সহযোগিতা এবং অভিবাসনপ্রত্যাশীদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও সহায়তার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
সৌদি উপমন্ত্রী আইএলও-তে সৌদি আরব সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।
দুই দেশই শ্রমবাজারে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষতা স্বীকৃতি ও প্রশিক্ষণ উন্নত করা গেলে বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে।