দেশের উপকূলীয় ও দ্বীপ অঞ্চলের মানুষের জন্য বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর ব্যবস্থাপনায় এবং কমান্ডার সাবমেরিন এর তত্ত্বাবধানে পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এ ক্যাম্পেইন।
এতে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনরা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা দিচ্ছেন। দাঁতের রোগ নির্ণয়, চিকিৎসা এবং মুখ ও দাঁতের সঠিক যত্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হচ্ছে।
শুধু দাঁতের চিকিৎসা নয়— অন্যান্য রোগে আক্রান্তদের জন্যও নৌবাহিনীর একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হচ্ছে।
স্থানীয় ও আশপাশের এলাকা থেকে শত শত মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে আসছেন। সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগেরও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আয়োজকরা জানান, এ ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক হাজার মানুষকে ডেন্টাল ও মেডিসিন বিষয়ে চিকিৎসা প্রদান করা হবে।
চিকিৎসা নিতে আসা অনেকেই নৌবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেন, এমন জনকল্যাণমূলক কার্যক্রম গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।