রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ বিষয়ক অলিম্পিয়াড (IOCE) ২০২৫-এ প্রথমবারের মতো অংশ নিয়েই দারুণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
ঢাকায় রাশিয়ার দূতাবাস ১৩ অক্টোবর (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশি দল “আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড” অর্জন করেছে এবং দলের সদস্য তাসিন মোহাম্মদ ব্যক্তিগতভাবে স্বর্ণপদক জয় করেছেন।
দূতাবাস একে বাংলাদেশের তরুণ প্রজন্মের বৈজ্ঞানিক, গবেষণা ও জলবায়ু সচেতনতার ক্রমবর্ধমান শক্তির প্রতিফলন বলে উল্লেখ করেছে।
এ বছর অলিম্পিয়াডে ১১টি দেশের ৩৯ জন তরুণ অংশ নেন। প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ বিজ্ঞানমনস্কদের উদ্ভাবনী সমাধান তৈরি ও সহযোগিতা বৃদ্ধি করা।
রাশিয়া প্রতি বছর এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নানা উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।
রাশিয়া দূতাবাস বাংলাদেশের অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেছে, তাদের এই অর্জন দেশের তরুণ বিজ্ঞানীদের বৈশ্বিক পরিসরে অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
আইওসিই ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণকে আন্তর্জাতিক বিজ্ঞান অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে—যা পরিবেশগত উদ্ভাবন ও টেকসই উন্নয়নে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে দেশের প্রতিশ্রুতি স্পষ্ট করে।