ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে হঠাৎ উত্তেজনা তৈরি হয়। বিকাল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে।
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলের সংসদ সদস্যরা একযোগে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। তাদের অভিযোগ, ‘জুলাই সনদ’ সংক্রান্ত আদেশ জারি করা হয়নি। পাশাপাশি বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ‘মিসকোড’ করা হয়েছে, যা তারা অসম্মানজনক বলে দাবি করেন।
ওয়াকআউটের আগে বিরোধী সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার নীরব রয়েছে এবং সংসদীয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না।
এর আগে গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশনের প্রথম দিনও উত্তেজনা দেখা যায়। সেদিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে সংসদ ত্যাগ করেছিলেন বিরোধী দলের সদস্যরা। তবে এরপর আর কোনো বড় ধরনের প্রতিবাদ দেখা যায়নি।
আজকের এই ওয়াকআউটকে চলতি অধিবেশনে প্রথম বড় প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদের ভেতরে সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব এখনও কমেনি। ভবিষ্যতে এই ধরনের অচলাবস্থা আরও বাড়তে পারে।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।