উৎসবমুখর পরিবেশে ২০২৬–২০২৭ সেশনের কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে প্রকাশিত ফলাফলে বিএনপি–জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ১৫টি পদের মধ্যে তারা জিতেছে ১৩টি পদে। বাকি ২টি পদে জয় পেয়েছে নিরপেক্ষ বা স্বতন্ত্র প্যানেল।
নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান এবং সদস্য অ্যাডভোকেট গাজী মো. নজরুল ইসলাম মানিক ও অ্যাডভোকেট মো. মজিবুল ইসলাম ভূঞা স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এসব তথ্য জানা গেছে।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. ইউসুফ আলী পেয়েছেন ৩৪৯ ভোট। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. জাকির হোসেন ৬৫৭ ভোট এবং অ্যাডভোকেট মো. আবদুল বাতেন মজুমদার ৫৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার ৭১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. নেয়ামত উল্ল্যা চৌধুরী (জামান) পেয়েছেন ৩৬৯ ভোট। ট্রেজারার পদে অ্যাডভোকেট মো. আবু মুছা ভূঁঞা ৭৪০ ভোট পেয়ে জয়ী হন।
লাইব্রেরি সেক্রেটারি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম (কমল) ৬১২ ভোট এবং এনরোলমেন্ট সেক্রেটারি পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া ৬৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রিক্রিয়েশন সেক্রেটারি পদে অ্যাডভোকেট মো. সাইফুর রহমান (সায়েম) পেয়েছেন ৫৯০ ভোট।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে অ্যাডভোকেট আবুল হাসনাত হিমেল ৮৮২ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। এছাড়া বেলাল হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. ইসমাইল হোসেন এবং মো. লোকমান হোসেন যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থান অর্জন করেছেন।
অন্যদিকে নিরপেক্ষ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৬৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। একই প্যানেল থেকে আইটি সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম ৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ বছর ১,২৮৭ জন ভোটারের মধ্যে ১,২৫৩ জন ভোট দেন, যা উচ্চ উপস্থিতির ইঙ্গিত দেয়।
এই নির্বাচনে তিনটি প্যানেলের মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে জাতীয়তাবাদী প্যানেলের প্রাধান্য স্পষ্ট হলেও নিরপেক্ষ প্যানেলও গুরুত্বপূর্ণ দুটি পদে জয় পেয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে।