লালমনিরহাটের হাতীবান্ধায় ভিটার জমি নিয়ে দ্বন্দ্বে আপন চাচার লাঠির আঘাতে আকতারুজ্জামান (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পুর্ব ফকিরপাড়া এলাকায় বৃহস্পতিবার (২রা এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আখতারুজ্জামান ফকিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানায় , বেশ কয়েক বছর ধরে চাচাদের সাথে আক্তারুজ্জামান নামের ওই যুবক ও তার নানীর ভিটা বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে গতকাল দুপুরে সংঘবদ্ধভাবে তার চাচা ও চাচাতো ভাইয়েরা আক্তারুজ্জামানের উপর হামলা চালায়। হামলায় আহত আখতারুজ্জামানকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে প্রায় ১২ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৩রা এপ্রিল) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
অভিযুক্তদের আইনগত ব্যবস্থার মাধ্যমে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন।
পরবর্তীতে,পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে এবং লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী।
জমি নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।
শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি