হামবুর্গে পুরস্কার জিতল রবিউল আলম রবি’র ‘কিল মি লাইক আ ডগ’

জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত অষ্টম ইউরোপিয়ান ওয়ার্ক ইন প্রোগ্রেস (ইডব্লিউআইপি) আসরে পুরস্কার জিতেছে বাংলাদেশের নির্মাতা রবিউল আলম রবি’র নির্মীয়মান চলচ্চিত্র ‘কিল মি লাইক আ ডগ’

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্থিক সহযোগিতায় ‘রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন’ প্রকল্পের অধীনে তৈরি আটটি চলচ্চিত্রের একটি এটি।

ফিল্মফেস্ট হামবুর্গ-এর ‘ইন্ডাস্ট্রি ডেইজ’-এর অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় এবারের আসর। নরওয়েজিয়ান সহ-প্রযোজনায় নির্মীয়মান এই চলচ্চিত্রটি পুরস্কৃত হয়েছে ‘ইউরোপিয়ান ওয়ার্ক ইন প্রোগ্রেস কে-১৩ স্টুডিওজ অ্যাওয়ার্ড’ অর্জনের মাধ্যমে।

এই পুরস্কারের ফলে ছবিটি পাবে জার্মানির বার্লিন-ভিত্তিক কে-১৩ স্টুডিওজের ১০ হাজার ইউরো সমমূল্যের ‘ডলভি অ্যাটমস’ মিক্সিং সহযোগিতা। আগামী বছরের প্রথম চতুর্থাংশে মুক্তির পরিকল্পনা রয়েছে চলচ্চিত্রটির।

ফ্রানৎস কাফকার বিখ্যাত উপন্যাস ‘দ্য ট্রায়াল’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন রবিউল আলম রবি। গল্পটি আবর্তিত হয়েছে খুলনার এক সাধারণ ব্যাংকারকে ঘিরে, যাকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোকেরা এমন এক বিচারের মুখোমুখি করে, যার কারণ তিনি নিজেও জানেন না।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, ইউরোপীয় চলচ্চিত্র শিল্পের প্রযোজক, পরিবেশক, বিপণন ও উৎসব সংগঠকসহ তিন শতাধিক পেশাজীবী অংশ নেন এবারের আসরে।

ইডব্লিউআইপি ২০২৫-এ রেকর্ডসংখ্যক ২৪০টিরও বেশি ইউরোপীয় প্রযোজনায় বা সহ-প্রযোজনায় নির্মীয়মান চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে পোস্ট প্রোডাকশনের মাঝামাঝি বা শেষ পর্যায়ের ২৭টি চলচ্চিত্রকে বাছাই করা হয়, যেগুলো ভবিষ্যতে আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে আয়োজকরা।

দুই দিনের আসরে নির্বাচিত চলচ্চিত্রগুলো উপস্থাপন করেন নির্মাতারা, যার মধ্যে ১৪টি চলচ্চিত্র পুরস্কৃত হয়। ইউরোপের বাইরে ইউরোপীয় সহ-প্রযোজনায় নির্মিত ব্রাজিল ও পেরুর চলচ্চিত্রও এবার পুরস্কারের তালিকায় স্থান পায়।

শিল্পকলা একাডেমি সূত্র জানায়, সম্ভাবনাময় নির্মীয়মান চলচ্চিত্রগুলোর সঠিক প্রযোজনা, পরিবেশনা ও বিপণন নিশ্চিত করতে এই পুরস্কারগুলো প্রদান করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে খুলনা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ‘প্রযোজনা ভিত্তিক চলচ্চিত্র কর্মশালা’-য় অংশ নেওয়া স্থানীয় তরুণ নির্মাতারা এই চলচ্চিত্রে অভিজ্ঞ কলাকুশলীদের সঙ্গে কাজের সুযোগ পান।

ছবিটিতে অভিনয় করেছেন মীর নওফেল আশরাফী জিসান, লোপা মুদ্রা দাস, ডলি পাল, পল্লব রায়, সাব্বির খান, বাপ্পি খান, আল মামুনসহ খুলনা অঞ্চলের বেশ কয়েকজন স্থানীয় শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *