বুধবার (১৫ অক্টোবর) থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে অনলাইনে বেলবন্ড বা জামিননামা গ্রহণপ্রক্রিয়া। এ ব্যবস্থার মাধ্যমে এক ক্লিকেই আদালতের রায় সরাসরি সংশ্লিষ্ট জেলখানায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম–২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, “একজন ব্যক্তি জামিন পাওয়ার পর মুক্তি পেতে প্রায় ১২টি ধাপ পার হতে হয়। কোথাও টাকা দিতে হয়, কোথাও হয়রানির শিকার হতে হয়। এসব দূর করতে আমরা অনলাইনে বেলবন্ড গ্রহণের উদ্যোগ নিয়েছি। আগামীকাল থেকেই পাইলট প্রকল্প চালু হচ্ছে। এক ক্লিকেই আদালতের রায় থেকে জামিননামা জেলখানায় পৌঁছে যাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন, এ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে দেশের বিচারপ্রক্রিয়ায় একটি বড় ধরনের সংস্কার সাধিত হবে এবং জনগণ হয়রানি থেকে মুক্তি পাবে।