ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে দুই দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (৫ই এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের পাশে কবির সরণিতে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ক্যাম্পাস পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধ সেল পুনর্গঠনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম আরও কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে।
তিনি এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশারসহ জাকসুর নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এই কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রমও পরিচালিত হবে।