কুমিল্লায় ত্রিশূল গীতা শিক্ষালয়ের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

কুমিল্লায় ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার একটি প্রতিষ্ঠান ত্রিশূল গীতা শিক্ষালয়ের চতুর্থ বর্ষপূর্তি জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা মহেশাঙ্গণের নাট মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি ঘিরে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈদিক মন্ত্র উচ্চারণ, গীতা ও শ্রীমদ্ভাগবত পাঠ আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও গুণীজন সম্মাননা। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষার্থী মৃত্তিকা নন্দী পূজা ও অপরাজিতা অধিকারী। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুমিল্লার ধর্মীয় তত্ত্ববেত্তা অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য। তিনি ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে নৈতিকতা ও মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসূফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা। এর মধ্যে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, মহানগর আহ্বায়ক কমল চন্দ খোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল এবং সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার।

এছাড়াও ত্রিশূল গীতা শিক্ষালয়ের উপদেষ্টা ড. বিশ্বজিৎ দেব, তাপস কুমার নাহা, অ্যাডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তীর্থ দর্শন ও সেবামূলক সংগঠন ‘ত্রিশূল’-এর সভাপতি আশিষ দাস ও সাধারণ সম্পাদক অনন্য ভৌমিকসহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকেরা অংশ নেন।

আয়োজকরা জানান, ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির ধারাবাহিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *