ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি চুরির ঘটনায় পুলিশের অভিযানে চোর চক্রকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, দ্রুত তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এই সাফল্য এসেছে।
জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হন মো: রিপন (২৬) ও মো: রফিক (৫০)। তারা উভয়েই বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরনবীর (৩৭) বসতঘরে চুরির ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়। এরপরই তদন্তে নামে বোরহানউদ্দিন থানা পুলিশ।
তদন্তের একপর্যায়ে তথ্য-প্রযুক্তি ও নির্ভরযোগ্য সোর্সের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া একটি বৈদ্যুতিক পানির পাম্প এবং প্রায় ৯০ ফুট সুতার জাল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামাল বাদী শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরি ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।