বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহী আর্জেন্টাইন লুসিয়ানো থেইলার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লুসিয়ানো থেইলার । দক্ষিণ আমেরিকার আধুনিক কৌশল ও শৃঙ্খলাভিত্তিক ফুটবলের জন্য পরিচিত এই কোচ এখন বাংলাদেশের দায়িত্ব নিতে আগ্রহী বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

থেইলারের জন্য বাংলাদেশ নতুন নয়। খেলোয়াড়ি জীবনে তিনি ২০১০-১১ মৌসুমে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রতে  খেলেছেন। ফলে দেশের ফুটবল সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে তার সরাসরি অভিজ্ঞতা রয়েছে, যা বিদেশি কোচদের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না।

খেলোয়াড় হিসেবে তিনি ইন্দোনেশিয়া, লেবানন, সিরিয়া, মালদ্বীপ, বলিভিয়া ও আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন। পরবর্তীতে কোচিংয়ে এসে নিজেকে দ্রুত প্রতিষ্ঠিত করেন।

তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে দেপোর্তিভো মাইপু-র সঙ্গে। ২০২০-২১ মৌসুমে তিনি দলটিকে তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উন্নীত করেন। ওই সময়ে তার দলের গড় পয়েন্ট ছিল ম্যাচপ্রতি ১.৩৯, যা ক্লাবটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

থেইলার কনমেবল প্রো এবং উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ। আন্তর্জাতিক মানের এই লাইসেন্স তার কোচিং দক্ষতার স্বীকৃতি বহন করে।

এছাড়া তিনি ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদাভিয়া, গুইলারমো ব্রাউন এবং স্পোর্টিভো বেলগ্রানো-এর মতো ক্লাবে কাজ করেছেন। দক্ষিণ আমেরিকার বিভিন্ন লিগে কাজের অভিজ্ঞতায় তিনি পাঁচটির বেশি শিরোপা জিতেছেন বলে জানা গেছে।

কৌশলগতভাবে থেইলার একজন সংগঠিত ও রক্ষণভিত্তিক কোচ। তার পছন্দের ফরমেশন ৪-৪-২ ও ৪-৪-১-১। তিনি সাধারণত শক্ত ডিফেন্স গড়ে তুলে ধীরে ধীরে আক্রমণে যেতে পছন্দ করেন।

সাম্প্রতিক সময়ে তিনি ইসরাইলের ক্লাব মাকাবি হাইফা-এ সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। সেখানে তিনি ইউরোপীয় প্রতিযোগিতা উয়েফা ইউরোপা কনফারেন্স লীগ-এ অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেন।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, থেইলার ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে কোচ হওয়ার আগ্রহ জানিয়েছেন। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তিনি আনুষ্ঠানিক আবেদন জমা দিতে পারেন।

বাংলাদেশ ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে নতুন কোচ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। থেইলারের অভিজ্ঞতা, আন্তর্জাতিক লাইসেন্স এবং বাংলাদেশের সঙ্গে পূর্ব পরিচিতি—সব মিলিয়ে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *