আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান টাঙ্গাইল সফর করবেন—এমন তথ্যকে কেন্দ্র করে জেলায় প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওইদিন তিনি একটি সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে “কৃষক কার্ড” বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা, ভেন্যু প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, সফর সফল করতে মাঠ প্রশাসন কাজ শুরু করেছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, অনুষ্ঠানস্থল নির্ধারণ এবং জনসমাগম ব্যবস্থাপনায় আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও এ সফর ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন (গেজেট) প্রকাশিত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত বিষয় সাধারণত তথ্যবিবরণী ও প্রশাসনিক নির্দেশনার মাধ্যমেই বাস্তবায়ন করা হয়।
জেলার সচেতন মহল মনে করছে, প্রধানমন্ত্রীর এই সফর বাস্তবায়িত হলে টাঙ্গাইলের কৃষিখাতে নতুন গতি আসবে এবং কৃষকদের জন্য ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়বে।
শাকিলুজ্জামান
টাঙ্গাইল প্রতিনিধি